Tuesday, 1 March 2011

আসবে বলেছ



















ভাবছি তোমায় একটা চিঠি লিখব
কিন্তু কি লিখব বুঝতে পারছি না
মাথার মধ্যে হাজার রকম চিন্তারা ভিড় করে আসছে,
চোখ চাইতে গিয়ে এক মায়াবী সকাল
বারান্দায় কারা যেন হাত ধুয়ে জল ছড়িয়েছে
চিলেকোঠা ঘর থেকে ধুনোর গন্ধ
একটা কাক অবাক চোখে তোমায় দেখতে গিয়ে হেসে ফেলল বোধ হয়
মোরামের রাস্তায় আবার ধুলোর ঘূর্ণি
ছাতে শুকোতে দেওয়া কাপড় হাওয়ার ছোঁয়ায় পাল তুলে ছুটেছে
অবাধ্য একটা ঘুড়ি ফরফর করে চক্কর খাচ্ছে মাথার ওপর
কোথায় যেন খঞ্জনি বাজছে,
এত কিছু কেন বুঝছি বল তো!


আজ তুমি আসবে বলেছ যে....


Sunday, 2 January 2011

অসুখ

দিন কে বলি রাত্রি ভালো,
রাত কে দেখাই ভোর,
বাঁচতে গিয়ে আজ যে আমি,
সুখের ঘরে চোর


আলতো হাতে জল মেখে যেই,
বসতে গেছি পাশে,
বন্ধ ঘরের অন্ধকারে,
গা গুলিয়ে আসে

ঝাপসা মতো সকাল হল,
স্নিগ্ধতা আজ ক্লান্ত,
রাতের শ্রমে সুন্দরী সে
আজকে হল শ্রান্ত


না পেয়ে আজ অন্য কিছু
নিজের ঘরে হানা,
রিক্ত হাতে শূন্য হয়ে
পাল্টানো বিছানা.........

Thursday, 30 December 2010

উপলব্ধি

একঢাল কালোজল পিঠের উপর,
অন্ধকার ছিঁড়ে ফেলে নতুন সকাল,
কুন্দফুলের রেনু এঁকেছে শরীরে,
হেসেছে যখনি, দেখি শিখরদশন
তিরতির নদীমত বয়ে যায় ক্ষন,
অস্থির আয়নায় স্থবির জীবন,
হঠাত কুড়িয়ে পাওয়া খোলামকুচি,
রত্নরাজির চেয়ে দুর্লভ হয়






এই তো সেদিন যেন শেষ ভেবেছি,
চারিদিকে তামসিক যোদ্ধাদের নাচ,
দেখেছি, ভেবেছি আর নেই কিছু বাকি,
দীর্ঘজীবন আজ স্থানু হবে হায়
কিন্তু সে জীবনের ছাদের পাঁচিলে,
শুকতারা হয়ে আসে একলা কোকিল,
শ্রাবণ ভুলিয়েছিল স্বপ্ন দেখা,
আশ্বিন ফিরিয়ে দিল দুধ সাদা দিন