Thursday, 4 November 2021

কালী

শ্যামলা মেয়েটা হেঁটে যাচ্ছে,
ছিন্ন শরীর চারিদিকে,
আঁধার অস্থিরতার,
রক্তাভ রাত আজ ফিকে

পাগলিনী আলুথালু বেশে,
খসছে ছিন্ন বস্ত্র তার,
এলো চুলে সিঁদুরের রেখা
মিশেছে শ্মশান ঘর বার
দাউ দাউ আগুনের শিখা
জ্বালিয়ে দিয়েছে গ্রামগুলো
লেলিহান রক্তাভ আঁচে
ধিক ধিক কাটা আঙ্গুলও

পুড়িয়েছে যারা চারিদিক,
হত্যা করেছে জনে জনে,
তাদেরই মধ্যে একজন
লুকিয়ে ছিল কোনোখানে
পাগলিনী দেখতে পেয়েই
ছুটে গেল তার দিকে ধেয়ে
হাতে তুলে নিল হাঁসদা
আঁধার আকাশ-পটে মেয়ে

পাগলিনী উন্মাদনায়
হেসেই উঠছে খালি খালি
ঘর স্বামী সন্তান হারা
বিবস্ত্রা দেবী যেন কালী

©️ টিটান মুখুজ্যে

Wednesday, 19 August 2020

পশু

মানুষ ভীষণ অন্ধ দেখি
নামেই আছে চোখ
দেখে শুধুই সেটা যেটা
দেখায় সাধের লোক

মানুষ ভীষণ ভুলো সে যে
যায় কেবলই ভুলে
কালকের দুর্বৃত্তকে আজ
নাচে মাথায় তুলে

মানুষ ভীষণ পলকা আবার
জলের উপর ভাসে
স্রোতের মত যায় চলে আর 
স্রোতের মত আসে

মানুষ ভীষণ বোকাও দেখো
হাওয়ার কথায় নাচে
নিজের বোধে মরে সে আর
লোকের ভয়ে বাঁচে

তারচে' আমি পশুই ভাল
একটি কথার প্রাণী
অনেক মিথ্যে বন্ধু ভুলে
কোনটা সঠিক জানি

Friday, 7 August 2020

ঐ গাছেতে

বৃষ্টি পড়ে ঝমর ঝম,
খিচুড়ি আর আলুর দম।
গাছের গায়ে সন্ধ্যে নামে,
দিনটা ফুরোয় সময় কম।

ইলিশভাজা আর খিচুড়ি
চড়িয়েছিলাম বার্নারে,
শেষ হয় কখন রান্নাখানা
হচ্ছে আঁধার, আর না রে-

ঐ যে যারা বাস্তুহারা
গাছের মাথায় যাদের বাস,
আসছে নেমে হাত বাড়িয়ে
দেখলে চোখে, নাভিশ্বাস!

নাকনাকানি বাক্যি কয়ে
আসছে কেমন তরতরি,
চমকে পিলে হাত পা তুলে
মুচ্ছো যাব রাখহরি!

থাক না বাবা গাছের মুড়োয়
কাজ কী তোদের মোর সাথে?
ইলিশ না হয় দুয়েক খানা
পাঠিয়ে দেব আজ রাতে!

চুন্নি আমার মানিক আমার
ইলিশ খেয়ো প্রাণভরে,
বেম্মদাদা তোমার জন্যে
পাঠাব ডাল অড়হরের।

মামদোবাবু মলছি যে কান
মুর্গি না হয় কাল নিলে-
তাই বলে আজ ঘ্যাঁক কোরো না
ফুর্তি রাখো ঐ দিলে।

আর যে বাকি রইলে দাদা,
কিম্বা দিদি ঐ গাছে,
দয়ায় তোমার এই বেচারা
প্রাণ নিয়ে ভাই রোজ বাঁচে। 

©️সংরক্ষিত