Monday, 5 December 2016

গৃহদাহ

পোড়াতে চেয়েছো তুমি
জানো পুড়লে কেমন লাগে?
অল্প অল্প ধোঁয়া পাক খেয়ে উঠতে থাকে 
দমবন্ধ করা বাষ্প গুলিয়ে দেয় গা 
আলোগুলো ঝাপসা হয়ে যায় মুহূর্তে 
এপাশ ওপাশ থেকে লুকিয়ে থাকা পোকাগুলো বেরিয়ে আসে 
অনেক পুরোনো সোঁদা গন্ধমাখা লেপ তোষকের আগুন ধিকিধিকি 

তাপ বাড়তে থাকে তারপর 
ছাইচাপা আগুনেও শিখা জ্বলে ওঠে
উষ্ণতা দুর্বিষহ হয় বাইরে অন্তরে 
শেষ রসটুকু শুষে নেয় লেলিহান 
জ্বলতে জ্বলতে মনে হয় এক কথা 
এও তবে ভালো, যেন সব শুদ্ধ হয়ে যাওয়ার আশায় 
পোড়াতে চেয়েছো ঘর, আমি জানি আজ পুড়লে কেমন লাগে।




Thursday, 28 July 2016

আকাশের জন্য

কাল থেকে আকাশের জন্য খুব মন কেমন করছে
হৃদয় নিংড়ে নেওয়া বৃষ্টি অনেকদিন ধরে নিঃশেষ করে দিচ্ছে অনুভূতি
অঝোর ধারে বয়ে যাচ্ছে স্মৃতি, সুখ, আনন্দের মুহূর্ত
অথচ আমি তো বৃষ্টিই চেয়েছিলাম।

দারুন গ্রীষ্মে ভেতরটা তখন শুকিয়ে কাঠ
মন ফুঁড়ে উঠে আসছে আর্তি, কান্নার মত আঠালো,
দু গাল বেয়ে নামছে দুঃখের ধারা, কষ্টের ব্যথাকে সঙ্গী করে
বিদ্রোহী চেতনা ঢেকে দিচ্ছে উন্মুক্ত শৈশব।

শুষ্কতা ঢেকেছে অন্তর আমার
অন্তরালে থাকা স্নেহ চাপা রয়ে গেছে
এতদিন আজ বড় কম দিন নয়
প্রলেপ কি দিতে পারে উদ্ধত রাগ !

তবু আজ মন ভারী লাগছে আবার
এতদিন পর বৃষ্টিকে দোষী লাগছে কি ?
না হলেও হতে পারে, উন্মাদ মন -
মেঘ সরিয়ে আবার আকাশকে দেখতে ইচ্ছে করছে।




Wednesday, 29 June 2016

সময়টা বড় সুখের না

সময়টা বড় সুখের না,
কাছের হাতগুলো এক এক করে দূরের দিকে পাড়ি দিচ্ছে।
অল্প পাক ধরা সাদা মাথাগুলো আজ তুলোর গাছে লীন।
অনেকদিনের না দেখা মুখগুলো ঝাপসা হয়ে আসছে ক্রমশ।

বয়স বাড়ছে সবার।
বাড়তে থাকা ধুলোর স্তরে ঢাকছে তরল স্মৃতি।
নিঃশ্বাসে ফুরোচ্ছে আয়ু, জলের মত।
একদিন আমিও বুড়ো হব,
শিরশিরে হাতে বয়স আবরণে ঢেকে দেবে শরীর,
অন্তহীন এই যাত্রার মাঝে কয়েকটা হাত বাড়িয়ে দিয়েছে সময়-
দেখে বেছে নিতে হবে,
অথবা তাদেরও দিতে হবে যেতে।

অদৃশ্য বালুরাশি কাঁচের বয়ামে বন্দি,
মুক্তি চাইছে তারাও,
অতলান্ত নীলে ডুবলে হয়ত ব্যথা বাজবে কম।
দূরের হাতছানি আজ ভাবাচ্ছে আমায় খুব।
সময়টা আজ সুখের না,
সময়টা বড় সুখের না।