Monday, 20 July 2015

কেনা বেচা

অস্থিরতার চোখ দূরে  খোঁজে ঘর 
বিপন্ন জীবন আজ এলোমেলো দিনে 
বাইরের আঙুলেরা ছুঁয়েছে অন্তর 
পুরনো সুখকে বেচো দুঃখকে কিনে 


Thursday, 4 June 2015

সে রাত শুধু

অন্য হাওয়ায় নাম লিখব বলে
অনেক দূরে এলাম এবার চলে
সময় যখন কাঁচা মাটির মত
ইচ্ছেগুলো পাকিয়ে যেন সুতো
মন-পূরণের স্বপ্নগুলো ধরে
সময় আবার যাচ্ছে এখন সরে
সাধ হয় তাদের নামগুলো দিই সোনা
অনেক দিনের আদর দিয়ে বোনা
বিকেলবেলার নরম রোদের টানে
আশকারারা সময় ডেকে আনে
সেই সময়ে ভিজিয়ে নিয়ে হাত
ডাকিয়ে নিলাম টুকরো চাঁদের রাত'
সে রাত থাকুক দূরের শঙ্খচিলে
সে রাত শুধু তোমায় আমায় মিলে
সে রাত জাগুক ভোরের আবছা নীলে
সে রাত শুধু তোমায় আমায় মিলে 

Friday, 23 January 2015

ঘর

একটা দেওয়াল জুড়ে ছবি,
সাদা-কালো মন ছেয়ে আছে-
টেবিলের পাশে গন্ধ-বাতি,
আঁধারে ছায়ার দেহ নাচে।

রান্নাঘরের টুং-টাং,
নতুন চাদর পাতা ঘরে,
ফুলদানিতে জারবেরা
পুরিয়া বাজছে মৃদুস্বরে।

পাটভাঙা পাজামা-পাঞ্জাবি,
শাড়ির আকাশ-ঘন মন,
বাতাসে অল্প মাদকতা,
অবসরে সুখী গৃহকোণ।

বন্ধুরা নিমন্ত্রিত সব,
একে একে গাড়ির মিছিল,
শহুরে শৌখিনতা
মনের ভেতর গাংচিল।

দুটি মন বেঁধেছে সংসার,
দুটি হাতে হাত ধরে থাকা,
দুটো রাত কৌতুহলী,
দুটো দিন একেবারে একা।

অনেক বসন্ত হলে পার,
এই ঘরে দুই বুড়ো-বুড়ি,
অনেক ধুলোর মাঝে বলা-
চল আবার ঘর শুরু করি।